Friday, August 21, 2026
Google search engine
Homeখেলাদুর্গাপুরে মহাসমারোহে পালিত হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস

দুর্গাপুরে মহাসমারোহে পালিত হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস

প্রণয় রায়,দুর্গাপুরঃ  দুর্গাপুর ক্রীড়াক্ষেত্রে সবসময় দেশের মধ্যে প্রতিভার স্ফূরণ ঘটিয়ে চলেছে। এখান থেকেই সেই কবে গোলাম মুস্তাফা এশিয়াড পাওয়ার লিফটিং এ স্বর্ণ পদক পেল। সেই ধারাকে বজায় রেখে অনেক বছর দুর্গাপুরের মহিলা ক্রীড়াবিদ সীমা দত্ত চ্যাটার্জি ও রাজ্য,জাতীয়,কমনওয়েলথ,এশিয়াড ও আন্তর্জাতিক ক্ষেত্রে স্বর্ণপদক পেয়ে দুর্গাপুরের নামকে উজ্জ্বল করেছে। যোগ ব্যায়ামে আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি পেয়েছে যোগবিদ অঞ্জন ব্যানার্জি। ক্যারাটেও দুর্গাপুর পিছিয়ে নেই। ফুটবলে দুর্গাপুর পেয়েছে মোহনবাগান খেলোয়াড় সুব্রত সিনহাকে। এমনি অসংখ্য খেলায় দুর্গাপুরের ছেলেমেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে এগিয়ে চলেছে কিন্তু তার পরিসংখ্যান কজন রাখেন।  এইসব কথাকে মনে রেখে গত বছর থেকে দুর্গাপুরে শুরু হয়েছে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ২৯ আগস্ট দেশ জুড়ে আয়োজিত হয় জাতীয় ক্রীড়া দিবস। গত বছর থেকে এই দিনটিতে দুর্গাপুরেও বিশেষ মর্যাদার সঙ্গে  জাতীয় ক্রীড়া দিবস পালিত হচ্ছে। এবছর জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে দুর্গাপুরে আয়োজিত হতে চলেছে এক বৃহৎ ক্রীড়া মহোৎসব। ক্রীড়াক্ষেত্রে দুর্গাপুরের ক্রীড়া ঐতিহ্য,প্রতিভা ও সম্ভাবনাকে সবার সামনে তুলে ধরতে এই ক্রীড়া মহোৎসবের আয়োজন। জাতীয় ক্রীড়া দিবস কমিটি ২০২৬ এর উদ্যোগে মাঙ্গলিক প্রেক্ষাগৃহে এক সাংবাদিক সম্মেলনে ক্রীড়া দিবস কমিটির আহ্বায়ক সীমা দত্ত চ্যাটার্জী জানিয়েছিলেন,২২ আগস্ট শনিবার পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ সিধু কানু স্টেডিয়ামে বিভিন্ন খেলার সঙ্গে জড়িত ক্রীড়াবিদদের অভিবাদন গ্রহণ করবেন এবং তিনি এক শোভাযাত্রায় অংশ নেবেন। শোভাযাত্রাটি দুর্গাপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করবে। ২৯ আগস্ট হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনে পালিত জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে ভগৎ সিং স্টেডিয়ামে আয়োজিত দুর্গাপুরের প্রায় ৫৩টি ক্রীড়া ক্ষেত্রের শিশু থেকে বিভিন্ন বয়সী ক্রীড়াবিদদের নিয়ে আয়োজিত হবে ক্রীড়া প্রদর্শনী। সীমা দত্ত চ্যাটার্জি বলেন, দুর্গাপুরকে ক্রীড়া নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য শুধুমাত্র জাতীয় ক্রীড়া দিবস পালন নয়। দুর্গাপুরের সর্বস্তরে খেলাধুলার পরিবেশ তৈরি করা,শিশু ও তরুণ প্রজন্মকে মাঠমুখী করা,নতুন প্রতিভা খুঁজে বের করা এবং বিভিন্ন ক্রীড়া সংস্থা,বিদ্যালয়,ব্যায়ামাগার, স্পোর্টস একাডেমি,প্রশিক্ষক,খেলা পরিচালন করে রেফারি ও ক্রীড়াবিদদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। দুর্গাপুরে বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রের ক্রীড়াবিদরা রাজ্য,জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যেই প্রচুর সম্মান অর্জন করেছে। এই ধারাকে বজায় রাখতে তারা একটি সম্মিলিত ক্রীড়া ক্ষেত্র তৈরি করতে চান। তাদের লক্ষ্য দুর্গাপুরকে শুধু শিল্পনগরী নয়,আগামী দিনে ভারতের একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া নগরী হিসেবে প্রতিষ্ঠিত করা। উদ্যোক্তাদের পক্ষে তাই বার্তা দেওয়া হয়েছে- ‘খেলবে দুর্গাপুর – জিতবে দুর্গাপুর’। ২৯ আগস্ট সকাল ছটায় সিধু কানু স্টেডিয়াম থেকে বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রের শিশু থেকে বিভিন্ন বয়সী ক্রীড়াবিদদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে যাবে।  সেখানে নানা ধরনের ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments