পান্ডবেশ্বর,৫ জুনঃ পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাসভবন সংলগ্ন বেশ কয়েকটি গোডাউনে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে গরীব মানুষের জন্য বরাদ্দ বিপুল পরিমান ত্রাণ সামগ্রী। প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাসভবন সংলগ্ন বাকোলেশ্বরী মন্দিরের পিছনে রয়েছে ইসিএল এর একটি গেস্ট হাউস। স্থানীয়দের অভিযোগ, সেই গেস্ট হাউসটি দীর্ঘ দিন ধরে নিজের দখলে রেখেছিলেন নরেন। এদিন বিক্ষুব্ধ বাসিন্দারা সেই গেস্ট হাউসের ভেতরে ঢুকে দেখেন রয়েছে সুসজ্জিত লাক্সারী বেডরুম। সেখান থেকে উদ্ধার হয় ড্রয়ার ভর্তি কন্ডোমের প্যাকেট। স্থানীয়দের অভিযোগ, তাহলে কি ইসিএল এর থেকে গেস্ট হাউস দখল করে বিধায়ক এখানে মহিলা নিয়ে এসে মৌজ মস্তি করতেন? স্থানীয় বিজেপি কর্মী,আসিফ ইকবাল বলেন, নরেন্দ্রনাথ চক্রবর্তী এলাকায় সন্ত্রাস চালিয়েছে,গরীব মানুষের ত্রাণের সামগ্রী না দিয়ে মজুদ করে রেখেছে অসৎ উপায়ে। রাজ্যের পালাবদলের পর একে একে এলাকার মানুষ থেকে শুরু করে এমনকি তৃণমূল নেতারাও প্রাক্তন বিধায়ক নরেনের বিরুদ্ধে মুখ খুলছেন। ২০২১ সালে যিনি ঘরের ছেলে নরেন বলে পরিচয় দিয়ে মানুষের ভোট পেয়েছিলেন এবং ভোটে জয়লাভ করে বিধায়ক হয়েছিলেন, সেই ঘরের ছেলের এই কান্ড দেখে স্তম্ভিত এলাকার মানুষ। এদিন সকাল থেকেই এলাকার বহু বিক্ষুব্ধ মানুষ ও বিজেপি কর্মী সমর্থকরা নরেন চক্রবর্তীর দুষ্কর্ম নিজের চোখে দেখেন। গোডাউন ভর্তি গরীব মানুষের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী মজুদ দেখে প্রশ্ন তুলছেন,কেন এত ত্রাণ সামগ্রী থাকতেও গরীব মানুষদের মধ্যে বিতরণ করা হয়নি ? তাহলে কি এই ত্রাণ সামগ্রী নিয়ে কোন অসাধু চক্র বা কোনো অসৎ উপায়ে বাইরে পাচার করার ব্যবস্থা করেছিলেন নরেন? এই সব কান্ডকারখানা প্রকাশ্যে আসার পর নরেন চক্রবর্তীকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন এলাকাবাসী। অন্যদিকে,নরেন চক্রবর্তীর বক্তব্য, “অন্যায় ভাবে তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। যেখানে আমি মন্দির প্রতিষ্ঠা করেছি,পাশেই রয়েছে সংকটমোচন ও ভোলেনাথ সেখানে অহেতুক কিছু জিনিস রেখে দিয়ে আমার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে”। নরেন বাবু বলেন, “ভগবান এর বিচার করবে। পাণ্ডবেশ্বরের মানুষ এর বিচার করবে”।
নরেনের গেস্ট হাউসের শয়ন কক্ষে উদ্ধার কন্ডোম,নরেনের দাবি-চরিত্র হননের চেষ্টা হচ্ছে
RELATED ARTICLES



