দুর্গাপুর,২৬ আগস্টঃ পুনর্বাসন,ক্ষতিপূরণ,শিক্ষা,কর্মসংস্থান এবং আদিবাসীদের বন ও ভূমির অধিকার-সহ একাধিক দাবিতে আগামী ১ সেপ্টেম্বর পশ্চিম বর্ধমান জেলা শাসকের দফতরে গণডেপুটেশনের ডাক দিল আদিবাসী গাঁওতার পশ্চিম বর্ধমান জেলা কমিটি। সংগঠনের এই কর্মসূচিতে ইউনাইটেড ফোরাম সহ বিভিন্ন গণসংগঠন সমর্থন জানিয়েছে। বুধবার বিকেলে দুর্গাপুর ভগত সিং স্টেডিয়াম এলাকায় সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,১ সেপ্টেম্বর জামুড়িয়া এলাকার শাল ডাঙ্গা গ্রাম থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রা আসানসোল পর্যন্ত যাবে এবং সেখানে সমাপ্তির পর পশ্চিম বর্ধমান জেলা শাসকের দফতরে গণডেপুটেশন দেওয়া হবে। কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্তের আদিবাসী পরিবার,কৃষক,শ্রমিক,ছাত্র-যুব এবং বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের অভিযোগ,কয়লা খনি ও শিল্পাঞ্চলের বিভিন্ন প্রকল্পের কারণে বহু আদিবাসী পরিবার জমি ও বসতভিটা হারানোর আশঙ্কায় রয়েছে। শাল ডাঙ্গা সহ বিভিন্ন আদিবাসী এলাকার উচ্ছেদ-সহ বিভিন্ন আদিবাসী এলাকায় উচ্ছেদ ও জমি সংক্রান্ত নোটিশ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাঁদের দাবি,উন্নয়নের নামে উচ্ছেদ নয়,স্থানীয় বাসিন্দাদের জমি,জল, জঙ্গল ও জীবিকার অধিকার সুরক্ষিত করতে হবে। গণডেপুটেশনের মূল দাবিগুলির মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ,জমির বিনিময়ে উপযুক্ত জমি প্রদান,শিক্ষা ক্ষেত্রে সরকারি সহায়তা,কর্মসংস্থানের ব্যবস্থা এবং বনাধিকার আইন ২০০৬ অনুযায়ী আদিবাসী জনগণের বন,ভূমি ও জীবিকার অধিকার নিশ্চিত করা। সংগঠনের দাবি,দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দফতরে আবেদন জানানো হলেও সব ক্ষেত্রে এখনও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়াও আই কিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালের জন্য জমি হারানো আদিবাসী পরিবারগুলির একজন করে সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। সংগঠনের অভিযোগ,প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এখনও অনেক পরিবার চাকরির সুযোগ পায়নি। পাশাপাশি এলাকার আদিবাসী ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য সরকারি অনুদান পুনরায় চালু করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির আর্থিক সহায়তার দাবিও তোলা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে,পাঁচ দফা দাবিকে সামনে রেখেই ১ সেপ্টেম্বরের এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
পাঁচ দফা দাবিতে জেলা শাসককে গণডেপুটেশন দেবে আদিবাসী সংগঠন
RELATED ARTICLES



