সংবাদদাতা,দুর্গাপুরঃ পিতৃপক্ষ শেষ ও দেবীপক্ষের শুরু। মহালয়ার দিন ভোর বেলায় পূর্ব পুরুষদের উদ্দেশ্যে বিভিন্ন নদী ও বড় জলাশয়ে জমায়েত হয়ে তর্পণ করেন বহু মানুষ। এদিন দুর্গাপুর ও আসানসোলের দামোদর নদীতে তর্পণ করেন অগণিত মানুষ। মহালয়ার সকালে পূর্ব পুরুষদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে দুর্গাপুর ব্যারেজে দামোদর নদের ঘাটে ভিড় জমান অসংখ্য মানুষ। সাধারণ মানুষের সঙ্গেই দুর্গাপুর ব্যারেজে তর্পণ অর্পণ করলেন দুর্গাপুরের পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই পিতৃ পুরুষদের উদ্দেশে তর্পণ করতে ঘাটে আসেন পুণ্যার্থীরা। ধর্মীয় রীতি মেনে জল অর্পণের মধ্য দিয়ে প্রয়াত পূর্ব পুরুষদের স্মরণ করেন তাঁরা। অন্যদিকে,তর্পণ উপলক্ষে যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে,তার জন্য সতর্ক ছিল পুলিশ প্রশাসন। দামোদরের ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তরফে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। মহালয়ার তর্পণ উপলক্ষ্যে খনি শিল্পাঞ্চলে আজ থেকেই যেন উৎসবের আবহ তৈরী হয়ে গেল।




